ইরানি ফুটবলারদের বিশ্বকাপে খেলতে বাধা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র।
ম্যাচ সূচি অনুযায়ী নিউজিল্যান্ড, মিসর ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। এর মধ্যে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হবে।
গত বুধবার খবর আসে, ট্রাম্পের বিশেষ দূত পাওলো জামপোল্লি ইরানের পরিবর্তে বাদ পড়া ইতালিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন।
এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পাওলো জামপোল্লি বলেন, ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রস্তাবটি তুলেছিলেন।
পাওলোর দাবি, তিনি এমনটাই বুঝেছিলেন যে ইরান টুর্নামেন্টে অংশ নেয়ার পরিকল্পনা করছে না।
চলমান যুদ্ধ পরিস্থিতি জটিলতা তৈরি করছে। তবুও ইরান জানিয়েছে তারা নিরাপদ উপায়ে টুর্নামেন্টে অংশ নিতে চায় এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের অংশগ্রহণ নিষিদ্ধ করেনি যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ‘ইরানের খেলোয়াড়দের নিয়ে সমস্যা নয়। বরং তারা যাদের সঙ্গে নিয়ে আসতে চাইবে, তাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তাদের আমরা অনুমতি নাও দিতে পারি।’
আরও পড়ুনরুবিও আরো বলেন, ইরানের জায়গায় ইতালিকে নেয়ার খবরগুলো শুধুই জল্পনা।
তার ভাষায়, ইরানের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে আসবে কি-না, সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত। তবে ‘তারা আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সাংবাদিক বা প্রশিক্ষক পরিচয়ে যুক্তরাষ্ট্রে আনতে পারবে না।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে নিশ্চিত করেন, বিশ্বকাপে ইরানের অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবল বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে তাদের উপস্থিতি ‘জীবন ও নিরাপত্তা’ বিবেচনায় উপযুক্ত কি-না, বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এর আগে নিজেদের ম্যাচ মেক্সিকোয় সরানোর অনুরোধ করেছিল ইরান। তবে তা প্রত্যাখ্যান করেছে ফিফা।
বিশ্বকাপের এবারের আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








