চাঁপাইনবাবগঞ্জে প্রথম পর্যায়ে ৮৩ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের অন্যতম হাম কবলিত জেলা চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট এই ৩ উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুর মধ্যে মোট ১ লাখ ৩৮ হাজার ৭৬ জনকে টিকা দেয়া হয়েছে যা প্রায় ৮৩ শতাংশ। আগামী ২০ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ে জেলার বাকি দুই উপজেলা নাচোল ও গোমস্তাপুরে টিকাদান শুরু হবে। তবে টিকার সুফল পেতে আরও অন্তত ২ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো।
এদিকে আজ শুক্রবার (১৭ এপ্রিল) হাম সন্দেহে নতুন করে ২৩ জন জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। জেলার হাম পরিস্থিতি এখনও ভয়াবহ। এখনও হাম সন্দেহে প্রচুর রোগী আসছে। ফলে সীমিত জনবলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে।
জেলা হাসপাতাল সূত্র জানায়, আজ শুক্রবার (১৭ এপ্রিল) জেলা হাসপাতালে নতুন করে ২১ রোগী ভর্তি হয়েছে। এখন হাসপাতালে ৬৪ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। যার বেশিরভাগই শিশু। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২ জন রোগী ভর্তি হয়েছে। এনিয়ে পূর্বের ভর্তিসহ জেলার সরকারি হাসপাতালগুলোতে এখন ৬৬ রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুনসূত্রগুলো জানায়, জেলায় হাম সন্দেহে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৭৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৭৪২ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত ৬ শিশু এখন পর্যন্ত মারা গেছে। গত মার্চে সকল শিশুর মৃত্যু হয়। এছাড়াও কয়েকটি মৃত্যু নিয়ে সন্দেহ থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেগুলো তালিকাভুক্ত করে নি। এদিকে এ পর্যন্ত জেলা থেকে পাঠানো ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনকে পজিটিভ পাওয়া গেছে।
মন্তব্য করুন







