ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ১০:১৯ রাত

বগুড়া-৬ আসন উপ-নির্বাচন

প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করেছেন : বিএনপি’র প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

বিএনপি’র প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করেছেন

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থী রেজাউল করিম বাদশা বলেছেন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। গতকাল শনিবার জামায়াত প্রার্থী তাদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যে বক্তব্য উত্থাপন করেছেন তা হাস্যকর দাবি করে বাদশা আজ রোববার (৫ এপ্রিল) বগুড়া প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। এ আসন থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র বেশ কয়েকজন ভিআইপি প্রার্থী, জিএম সিরাজ এবং সর্বশেষ বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

তিনি বলেন, বগুড়া সদরের ইতিহাস সব সময় ধানের শীষের বিজয়ের ইতিহাস। ওই সংবাদ সম্মেলনে তারা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। বগুড়ায় হামলা বা অন্য কোন ঘটনা ঘটেনি বা ঘটে থাকলে সাংবাদিকদের নজরে অবশ্যই আসতো। কোন মিডিয়া আজ পর্যন্ত বলতে পারেনি কোথাও নির্বাচনি কর্মকান্ড নিয়ে কোন অঘটন ঘটেছে। বগুড়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম চলছে। প্রতিপক্ষের লোকজন সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে ধানের শীষের ব্যানারের সামনে তাদের ব্যানার টাঙিয়েছে। রানার প্লাজার সামনেও একই ঘটনা ঘটিয়েছে।

এসব বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। তারা একটি হাস্যকর কথা বলেছে, যে বগুড়াকে মাগুরা বানানোর প্রক্রিয়া চলছে। এ আসনে তাদের ইতিহাস হারের ইতিহাস, জেতার কোন ইতিহাস নেই। গত নির্বাচনে বিএনপি দুই লক্ষাধিক ভোট পেয়েছে, আর তারা পেয়েছেন ৯৭ হাজার ভোট। তাহলে বগুড়াকে মাগুরা বানানোর প্রশ্ন কীভাবে তোলেন।

আগামীতে আমরা আরও বেশি ভোট আশা করছি। কারণ জাতীয়তাবাদী দল বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায়, বগুড়ার উন্নয়নে সাধারণ ভোটাররা আরও বেশি ভোট দিবেন। কারণ, বগুড়ার মানুষ গত প্রায় ২০ বছরযাবৎ বঞ্চিত। বগুড়ার মানুষ বিমানবন্দর চায়, সিটি করপোরেশন চায়, ইপিজেড চায়, শজিমেক হাসপাতালকে আরও উন্নতমানের হাসপাতাল হিসেবে দেখতে চায়, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায়।

আরও পড়ুন

আজকে বগুড়ার সন্তান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী তিনিই এই কাজগুলো করবেন। প্রধানমন্ত্রী বগুড়া বিজ্ঞান ও প্রয্ুিক্ত বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত দিয়েছেন, যা চলতি সংসদেই অনুমোদন হতে পারে। এ বিষয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। বগুড়ার যত উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময় করা হয়েছে। বাকি উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানই করবেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। তারা যতই মিথ্যাচার ও পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করুক না কেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাবো। প্রত্যেকরা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো তাদের দাবির সাথে একমত পোষণ করে বাদশা বলেন, সিসি ক্যামেরা লাগান, বেশি করে সেনাবাহিনী দেন, বেশি করে ম্যাজিস্ট্রেট দেন, বিএনপি শতভাগ ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করতে চায়। তিনি বলেন, বিএনপি জান্নাত বিক্রি করতে পারবে না। দেশের মানুষ আজ বুঝতে পেরেছে যে জান্নাতের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এগুলো করে ভোট পাওয়া যায় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরজ্জামান মনি, বিএনপি নেতা শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, হাসানুজ্জামান পলাশ, মাহবুব হাসান লেমন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করেছেন : বিএনপি’র প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নতুন যাত্রায় সানি লিওন

ইরানে ইন্টারনেট বন্ধ টানা ৩৭ দিন, ভাঙলো রেকর্ড

পাবনার ভাঙ্গুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি বিকাশে টাকা পাঠিয়ে মিলল নষ্ট মিটার

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি পাকিস্তানের