বগুড়ার সান্তাহার পৌর এলাকায় ড্রেনের অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌরসভার ৭নং ওয়ার্ডসহ বিভিন্ন মহল্লায় দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় পানি প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে মশার লার্ভা জন্ম নিয়ে ও দুর্গন্ধে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনসংলগ্ন চা-বাগান মহল্লার বেশিরভাগ ড্রেন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে রয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় ড্রেনের পানি জমে থাকছে এবং সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। জমে থাকা পানিতে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে বিপুল পরিমাণ মশার লার্ভা ও ড্রেনে আবর্জনা পঁচে গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ।
এলাকাবাসী জানান, মশার উপদ্রব এতটাই বেড়েছে যে-দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে। মশার উপদ্রপ ছোট ছেলে-মেয়েদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এতে মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
চা-বাগান সিভিল কলোনি এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মর্তুজা সেলিম বলেন, দীর্ঘদিন ধরে এসব ড্রেনগুলো পরিষ্কার করে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায় না। মাঝে মাঝে আমরা এলাকাবাসী নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কার করি। ড্রেনগুলো পরিস্কার না করার কারণে সামনে বর্ষা মৌসুমে ড্রেনের পানি উপচে রাস্তাসহ বাসাবাড়ির ভিতর প্রবেশ করার আশঙ্কা রয়েছে। মশার অত্যাচার এখন আমাদের নিত্যদিনের সঙ্গী।
আরও পড়ুনএকই অবস্থা বিরাজ করছে সান্তাহার পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনে। জানতে চাইলে সান্তাহার পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিআরএম শাহজাহান বলেন, নির্বাচিত পৌর পরিষদ না থাকার কারণে এবং ড্রেন নিষ্কাশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাজে অবহেলার কারণে এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল বলেন, জরুরিভিত্তিতে আমি ড্রেনগুলো পরিস্কারের পদক্ষেপ নিচ্ছি।
মন্তব্য করুন








