ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ মার্চ, ২০২৬, ০৫:০৫ বিকাল

হানিফ সংকেতের 'ইত্যাদি'র ঈদ বিশেষ পর্ব আজ

হানিফ সংকেতের 'ইত্যাদি'র ঈদ বিশেষ পর্ব আজ

ঈদের আনন্দে রঙিন আয়োজন নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’। খ্যাতিমান নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা ও উপস্থাপনায় এবারের ঈদ বিশেষ পর্ব সাজানো হয়েছে নানা তারকাবহুল আয়োজনে।

আজ রোববার (২২ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের পর্বে থাকছে ব্যতিক্রমধর্মী নাট্যাংশ, মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা, নান্দনিক মঞ্চসজ্জা এবং সমসাময়িক বিষয় নিয়ে বিনোদনধর্মী উপস্থাপনা।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-এর বিশেষ পরিবেশনা। এবারের অন্যতম আকর্ষণ একটি দেশাত্মবোধক গান, যেখানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে রয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। এ ছাড়া জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ গেয়েছেন একটি ব্যতিক্রমধর্মী গান।

চমকপ্রদ আয়োজন হিসেবে থাকছে অভিনেত্রী শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের কণ্ঠে দ্বৈত গান। নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

আরও পড়ুন

‘ইত্যাদি’র জনপ্রিয় পর্ব ‘মিউজিক্যাল ড্রামা’তেও আনা হয়েছে নতুনত্ব। ঈদ কেনাকাটা ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ এবং নাসির উদ্দিন খান। অন্য একটি পর্বে উপস্থিত থাকবেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

দর্শকপর্বে এবারের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি দর্শকদের মধ্য থেকে বাছাই করা কয়েকজনকে নিয়ে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নিয়ে জমিয়ে তুলবেন অনুষ্ঠান। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানের শিল্প নির্দেশনায় রয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালনায় দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মামুন মোহাম্মদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিফ সংকেতের 'ইত্যাদি'র ঈদ বিশেষ পর্ব আজ

দর্শক চাহিদায় বাড়ল দম’র শো

আইনি বিপাকে নোরা ফাতেহি

কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৫

বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ : ডিবি প্রধান

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত