উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী
ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ও আলোচিত রাজনৈতিক আন্দোলনকর্মী শহীদ শরীফ ওসমান বিন হাদির জীবনী মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় যুক্ত হয়েছে। সম্প্রতি তার জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড ও মৃত্যুর ঘটনাপ্রবাহ নিয়ে সেখানে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, শরীফ ওসমান বিন হাদি ১৯৯৩ সালের ৩০ জুন নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শিক্ষকতা, লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে আলোচনায় আসেন।
নিবন্ধে বলা হয়েছে, জুলাই শহীদদের অধিকার রক্ষা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে তিনি সক্রিয় ছিলেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন।
আরও পড়ুনউইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্টের কাছে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলামকে বিয়ে করেছিলেন। তাদের এক পুত্রসন্তান রয়েছে। মৃত্যুর পর ঢাকায় কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1773432392.jpg)
