মেহেরপুরের মুজিবনগর উপজেলার দরিয়াপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৬ মার্চ) সকালে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহের পাশ থেকে মাদক সদৃশ বস্তু, কিছু মোবাইল নম্বর লেখা কাগজ ও ওষুধ উদ্ধার করা হয়েছে।
আজ সকাল ১১টার দিকে দরিয়াপুর গ্রামের সীমান্ত সংলগ্ন নাওগাড়া মাঠের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে হাঁটু সমান পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই মাছ ধরার একটি সরঞ্জামের (বৃত্তি) ওপর মোবাইল নম্বর, ওষুধ ও মাদক সদৃশ বস্তুগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা ছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মাঠের মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকা এবং পাশে বিভিন্ন আলামত সাজিয়ে রাখার বিষয়টি এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।