বগুড়ার শেরপুরে শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূর পিঠে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রোখসানা আক্তার রুপা (২৫) নামের এক গৃহবধূর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার শাশুড়ির বিরুদ্ধে। এতে ওই গৃহবধূর পিঠ ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে একটু সুস্থ হলে আইনের আশ্রয় নেবেন বলে জানান ভুক্তোভোগী গৃহবধূ রোখসানা আক্তার রুপা।
জানা যায়, গত শুক্রবার ইফতারের আনুমানিক ২০ মিনিট আগে উপজেলার দশমাইল দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাশুড়ির নাম বিউটি বেগম। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রোখসানা আক্তার রুপা শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। চার বছর আগে শেরপুরের দশমাইল দড়িপাড়া এলাকার ফারুক আহম্মেদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি মেয়ে রয়েছে।
নির্যাতিতা গৃহবধূর মা জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শাশুড়ি বিউটি বেগম আমার মেয়েকে যৌতুকসহ নানা অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। শুক্রবার ইফতারের আগে রুপা রান্না ঘরে কাজ করছিল। এসময় তার শাশুড়ি পেছন থেকে গরম তেল তার পিঠে ঢেলে দেন। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আরও পড়ুনতবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাশুড়ি বিউটি বেগম। তিনি দাবি করেন, আমার ছেলের বউ নিজেই নিজের গায়ে গরম তেল ঢেলে আমাদের ফাঁসানোর নাটক সাজিয়েছে। স্বামী ফারুক আহম্মেদ বলেন, ইফতারের আগে আমার স্ত্রী রুপা আমাকে তার মায়ের বাড়িতে একটি কাজের জন্য পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পর মোবাইলে জানান আমার মা তার গায়ে গরম তেল ঢেলে দিয়েছেন। আমার মায়ের সঙ্গে কিছুদিন ধরে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু মা এ কাজ করতেই পারে না। এসময় মা অন্য রুমে ছিল।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







