বগুড়ার শাজাহানপুরে ভিজিএফ’র চালে ভাগ বসাতে ইউপি মেম্বারদের ওপর বিএনপি নেতার হামলার অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দুস্থদের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে বরাদ্দ হওয়া ভিজিএফ’র চালে ভাগ বসাতে ইউনিয়ন পরিষদে গিয়ে ভাঙচুর ও ইউপি সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান-মেম্বারদের সভা চলাকালে কয়েকজন বিএনপি নেতাকর্মী সভাস্থলে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন। এসময় ইউপি সদস্যদের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের বারান্দায় ভাঙচুর চালায়। এসময় কয়েকজন মেম্বারকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় তার ইউনিয়নে মাথা পিছু ১০ কেজি করে ৬৩৫ জনের মাঝে বিতরণের লক্ষ্যে সরকারিভাবে চাল বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত চাল সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণের লক্ষ্যে গতকাল রোবাবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে মেম্বারদের নিয়ে বৈঠক চলছিল।
এসময় খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশারের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী সভা কক্ষে প্রবেশ করেন এবং বরাদ্দকৃত চালের অর্ধেক দাবি করেন। এনিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুনলাঞ্ছিতের শিকার ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, দুস্থ মানুষের ঈদ উপহারের চালের ভাগ কেন নেতাকর্মীদের দিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তি দাবি করছি। অপরদিকে অভিযোগ অস্বীকার করে খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ডেকেছিলেন, তাই আমরা সেখানে গিয়েছিলাম।
আমি শুধু বলেছি, প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা যেন নিজ নিজ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ভিজিএফ’র চাল বিতরণ করেন। চালের অর্ধেক ভাগ দাবি করার অভিযোগ সঠিক নয়। সোস্যাল মিডিয়ায় বিষয়টি জানতে পেরেছেন উল্লেখ করে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মেনে জনপ্রতিনিধি ছাড়া নেতাকর্মীদের মাধ্যমে সরকারি চাল বিতরণের কোন সুযোগ নেই। মেম্বারদের লাঞ্ছিত করার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন






_medium_1772377291.jpg)
