নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নিতপুর শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থানের মধ্য থেকে মূল্যবান মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারেন, শীতলী গ্রামস্থ জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে। উক্ত সংবাদ পাওয়ার পর পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মূল্যবান মূর্তিটির উচ্চতা ৫৬ ইঞ্চি, ওজন ১৩৭ কেজি। তিনি আরও জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর আগের এবং গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ।
বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রাখা আছে।
মন্তব্য করুন








