রংপুরের তারাগঞ্জে নিখোঁজের তিনদিন পর ইলেক্ট্রিশিয়ানের লাশ উদ্ধার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নিখোঁজের তিনদিন পর মনজুরুল ইসলাম নামের এক ইলেকট্রিশিয়ানের লাশ গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬) ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা ঝাকুয়াপাড়া এলাকার পীরের মাজার দোলার একটি আলু ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় মনজুরুলের লাশ উদ্ধার করা হয়। মনজুরুল ইসলাম ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর কাজীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায় মনজুরুল ইসলাম। এরপর ওই দিন রাতে ১১টার দিকে বাড়িতে না ফিরলে তার স্ত্রী জান্নাতি বেগম স্বামী মনজুরুলের মোবাইল ফোনে ফোন করে বন্ধ পায়। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ না পেয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মনজুরুলের বড়ভাই মাইনুল ইসলাম তারাগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রি করেন। এর আগে বুধবার বিকেলে পীরের মাজার এলাকায় একটি তামাক ক্ষেতে রক্ত ও স্যান্ডেল এলাকায় কৌতুলের সৃষ্টি করে। পরে বিষয়টি জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা নিশ্চিত করেন পায়ের স্যান্ডেল নিখোঁজ ইলেকট্রিশিয়ান মনজুরুলের। ওইদিন ওই এলাকায় বাঁশঝাড়সহ তামাক ক্ষেতে অনেক খোঁজাখুঁজির পরেও লাশ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার আবার মনজুরুলের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই এলাকায় লাশ খোঁজাখোঁজির এক পর্যায়ে একটি আলু ক্ষেতের জমির এক কোনায় নরম মাটি ও তার ওপর বেশ কয়েকটি আলুর মরা গাছ দেখতে পেয়ে সন্দেহ করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে জায়গাটি খুড়ে মনজুরুলের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গর্ত থেকে লাশ উদ্ধারের পর নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবারের লোকজন নিশ্চিত করেছে লাশটি মনজুরুলের। আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন








