যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় চেকপোস্ট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। যাতে ৫টি ককটেল ও একটি বোমা পাওয়া যায়।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী কুতুবখালী পকেট গেটে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে যাত্রাবাড়ী কুতুবখালী পকেট গেট এলাকায় মোবাইল ডিউটি করছিলেন তারা। ৪/৫ জন পুলিশ সদস্য সেখানে ডিউটি পালন করছিলেন। এ সময় ৪ জন যুবক দুটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিল। সন্দেহ হলে কনস্টেবল শাহআলম তাদের ব্যাগ তল্লাশি করতে যান। এ সময় একজন তার কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করে। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাদের পিছু নিলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনতিনি আরও জানান, ব্যাগের মধ্যে একটি বোমা ও ৫টি ককটেল পাওয়া গেছে। সেগুলো বোম ডিস্পোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহত শাহআলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সে যাত্রাবাড়ী থানায় পরিবহন শাখায় কর্মরত।
ঢাকা মেডিকেল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার সিটি-স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







