প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৬:০৮ পিএম
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিমান্ড শেষে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী ২৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। এর আগে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ বলে জানান।
পরে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। এরপর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে আবার পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





