ইতিহাসে প্রথমবার আইপিএল নিলামে বাবা-ছেলে
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম ইতিহাসে এক বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। ২০২৭ আইপিএলের মিনি নিলামে প্রথমবারের মতো বাবা-ছেলে জুটি হিসেবে একসঙ্গে নাম নিবন্ধন করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ও তার ২০ বছর বয়সী ছেলে হাসান ইসাখিল। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আসর। এবারের নিলামের জন্য মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। নিলামে ৪১ বছর বয়সী নবির ভিত্তিমূল্য ১ কোটি রুপি। আর প্রথমবার আইপিএল নিলামে নাম লেখানো ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
নিলামের তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারও রয়েছেন। তারা হলেন-হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ। ইতোমধ্যেই ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাই নিলামে কেনা হবে ৬৬ জন ক্রিকেটারকে, বিদেশি কোটা ২৫টি।
আরও পড়ুনআইপিএলে নবি বেশ পরিচিত মুখ। ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। লোয়ার-অর্ডার ব্যাটিংয়ে ২১৫ রানের পাশাপাশি অফ স্পিনে নিয়েছেন ১৫টি উইকেট। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর আফগানিস্তানের হয়ে ৩টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ১৫৫টি টি-টোয়েন্টি খেলেছেন নবি। ওয়ানডেতে ৩ হাজার ৮০১ রান ও ১৮১ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৫০৯ রান ও ১১১ উইকেট রয়েছে তার ঝুলিতে।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে হাসান ইসাখিলের পথচলা শুরু হয়েছে সবে। ২০২৬ সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে আফগানিস্তানের হয়ে তার টি-টোয়েন্টি অভিষেক হয়। সেই আসরে ২ ইনিংসে করেন মাত্র ৩ রান। ২০২৫-২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বাবা-ছেলে জুটি হিসেবে একই ইনিংসে ব্যাট করার নজির গড়েন নবি ও হাসান। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে কোনো দল তাদের দলে ভেড়ায় কি না, সেটিই দেখার অপেক্ষা।
মন্তব্য করুন

_medium_1795681444.jpg)
_medium_1795680020.jpg)
_medium_1795678800.jpg)
_medium_1795677168.jpg)
_medium_1795676518.jpg)
_medium_1795671099.jpg)
_medium_1795684730.jpg)
