কিশোর বয়সেই একের পর এক ভাঙছেন সব রেকর্ড, বড় হলে কী করবেন সূর্যবংশী?
স্পোর্টস ডেস্ক : মাত্র ১৪ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে অভিষেক, পরের বছরই আন্তর্জাতিক অঙ্গনে পা। অল্প সময়ের মধ্যেই একের পর এক রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বে আলোচনায় উঠে এসেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা, আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা—এমন অসংখ্য কীর্তি এখন তার দখলে। আন্তর্জাতিক ক্রিকেটেও গড়েছেন একাধিক রেকর্ড। তার ক্যারিয়ারে গড়া উল্লেখযোগ্য রেকর্ডগুলো একনজরে দেখে নেওয়া যাক।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি
এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম এই দুই রেকর্ড গড়েন সূর্যবংশী।
শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন তিনি। ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি বাউন্ডারি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’ দল। একই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০ ও ২০০ রানের রেকর্ডও গড়েন তিনি। পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন।
পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান
মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হন সূর্যবংশী। ২০২৫ সালে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
এই তালিকার পরের অবস্থানে রয়েছেন জহুর ইলাহী (১৫ বছর ২০৯ দিন), রিয়াজ হাসান (১৬ বছর ৯ দিন), উসমান তারিক (১৬ বছর ৯১ দিন) ও নাসির জামশেদ (১৬ বছর ৯২ দিন)।
পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী অধিনায়ক
মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হন সূর্যবংশী। ২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক হিসেবে সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামেন তিনি।
এর আগে রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি।
পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ফিফটি ও সেঞ্চুরি
মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে পুরুষদের টি-টোয়েন্টিতে ফিফটি ও সেঞ্চুরি করে সবচেয়ে কম বয়সে এই দুই কীর্তি গড়ার রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী।
আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটি ও সেঞ্চুরি
২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে নিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেই ১৭ বলে ফিফটি করেন সূর্যবংশী। পরে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ব্যাটার। তার সেঞ্চুরিটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান
২০২৫-২৬ মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই অরুণাচল প্রদেশের বিপক্ষে ৮৪ বলে ১৯০ রান করেন সূর্যবংশী। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হন তিনি।
ওই ম্যাচে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি এবং ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন তিনি। ১৫০ রানের মাইলফলকটি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম। তার ব্যাটিংয়ে বিহার ৬ উইকেটে ৫৭৪ রান সংগ্রহ করে।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা
মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড গড়েন সূর্যবংশী। মাত্র ২৯ ইনিংস ও ৫১৪ বলেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
ইনিংসের হিসাবে পরের অবস্থানে অস্ট্রিয়ার করণবীর সিং, যিনি ৩৩ ইনিংসে ১০০ ছক্কা পূর্ণ করেন। আর বলের হিসাবে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের সাবের জাখিলের লেগেছিল ৬৯৯ বল।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটি
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে নিজের শেষ ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ১১ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন সূর্যবংশী। এর মধ্য দিয়ে ২১ বছর ধরে অক্ষত থাকা রেকর্ডটি ভেঙে দেন তিনি।
আরও পড়ুন২০২৬ সালের জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে ২৯ বলে ৯৪ রান করেন এই ব্যাটার। ওই ম্যাচে ভারত ‘এ’ দল ৯ উইকেটে ৩৭৭ রান তোলে।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান
২০২৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৭ বলে ১০৩ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০০ রান পূর্ণ করেন সূর্যবংশী।
মাত্র ৪৭৩ বলে এই মাইলফলকে পৌঁছে ভেঙে দেন মিচেল ওভেনের রেকর্ড। এর আগে ৫৩৩ বলে ১০০০ রান করেছিলেন ওভেন। একই সঙ্গে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ১০০০ রান করার রেকর্ডও গড়েন সূর্যবংশী। ১৮তম জন্মদিনের আগে এর আগে কেউ এই কীর্তি গড়তে পারেননি।
আইপিএলে দ্রুততম ১০০০ রান
আইপিএলের ইতিহাসেও দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ২০২৬ আসরের কোয়ালিফায়ার-২-এ গুজরাট টাইটানসের বিপক্ষে ৪৭ বলে ৯৬ রান করার পথে মাত্র ৪৪০ বলে ১০০০ রান পূর্ণ করেন তিনি।
এর আগে রেকর্ডটি ছিল আন্দ্রে রাসেলের দখলে। ৫৪৫ বলে আইপিএলে ১০০০ রান পূর্ণ করেছিলেন তিনি।
টি-টোয়েন্টি টুর্নামেন্টে এক আসরে সর্বোচ্চ ছক্কা
২০২৬ সালের আইপিএলে ৭২টি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন সূর্যবংশী। এর মধ্য দিয়ে ভেঙে দেন ক্রিস গেইলের রেকর্ড।
পুরো আসরে ৩২৭ বল খেলে ৭৭৬ রান করেন তিনি। জেতেন অরেঞ্জ ক্যাপও। এর আগে ২০১২ সালের আইপিএলে ৪৫৬ বলে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেইল।
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি
ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন শুরুর পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ান সূর্যবংশী। মাত্র ১৮ বলে ফিফটি করে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড গড়েন তিনি। তখন তার বয়স ছিল ১৫ বছর ১১৮ দিন।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ম্যাচসেরা
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রান করে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরার পুরস্কার জেতেন সূর্যবংশী। তখন তার বয়স ছিল ১৫ বছর ১২১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরা হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি।
এই তালিকায় তার চেয়ে কম বয়সী সিয়েরা লিওনের আলুসিনে তুরে। ২০২২ সালের ডিসেম্বরে ক্যামেরুনের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ২০ বলে ৩৩ রান ও ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। তখন তার বয়স ছিল ১৫ বছর ৭৪ দিন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার রেকর্ডও সূর্যবংশীর দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৯৬.১০ স্ট্রাইক রেটে ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। ভারত সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয়।
তখন তার বয়স ছিল ১৫ বছর ১২১ দিন। এর আগে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজসেরা হওয়ার রেকর্ড ছিল ভারতের নারী ক্রিকেটার শেফালি ভার্মার (১৫ বছর ২৯৬ দিন)। পুরুষদের ক্রিকেটে রেকর্ডটি ছিল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের (১৭ বছর ৩০০ দিন)।
এত অল্প বয়সে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে বৈভব সূর্যবংশী ইতোমধ্যে ক্রিকেটের আলোচনায় বিশেষ জায়গা করে নিয়েছেন।
মন্তব্য করুন

_medium_1795514568.jpg)
_medium_1795509824.jpg)
_medium_1795508770.jpg)
_medium_1795506436.jpg)
_medium_1795505883.jpg)
_medium_1795499797.jpg)

_medium_1795534065.jpg)
