বারবার বিয়ের চাপ দেয়া সহ্য করতে না পেরে, প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করেন প্রেমিক
ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় আকিবুল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার আকিবুল মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার মুক্তাগাছা থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত কিশোরী জাকিয়ার সঙ্গে আকিবুলের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জাকিয়া তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকিবুল জাকিয়াকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যান। পরে কথা বলতে বলতে বাড়ি থেকে কিছুটা দূরে খালপাড়ের একটি ধানখেতে যান তারা। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
এ সময় জাকিয়া আকিবুলকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে তিনি কিশোরীর গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে জাকিয়া অচেতন হয়ে পড়লে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন আকিবুল।
আরও পড়ুনপুলিশ আরও জানায়, হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশের ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দেন অভিযুক্ত। এরপর সেখান থেকে নিজের বাড়িতে চলে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যার পর নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







