কিশোরগঞ্জ দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা হামলা
কিশোরগঞ্জ শহরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে নগুয়া বটতলা এলাকায় অবস্থিত কার্যালয়ে এ হামলা চালানো হয়। মুখ ঢাকা কয়েকজন ব্যক্তি পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কার্যালয়ের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বারান্দায় আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে কয়েকজন ব্যক্তি মুখ কাপড় দিয়ে ঢেকে দুদক কার্যালয়ের সামনে আসে। একপর্যায়ে তারা কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় তাদের মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, হামলাকারীরা পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেগুলো কার্যালয়ের বাইরের গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় গিয়ে পড়ে। এতে সেখানে আগুনের সৃষ্টি হলেও কিছুক্ষণ পর তা নিভে যায়। তবে কার্যালয়ের ভেতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার খবর পেয়ে বটতলা এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুনকিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।
পুলিশ আশপাশের এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত নিরাপত্তা ক্যামেরার ধারণ করা দৃশ্য সংগ্রহ করছে। সেগুলো পর্যালোচনা করে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে হামলার পর নগুয়া এলাকাসহ কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি দপ্তর ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







