বগুড়ায় স্কুল ছাত্র গালিব হত্যার রহস্য উন্মোচিত, মূলহোতা মিশুর স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের খান্দারে স্কুল ছাত্র মনিরুল ইসলাম গালিব (১৭) হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হয়েছে। মূলহোতা মিশু এ হত্যার দায় স্বীকার করে হত্যার বর্ননা দিয়ে হত্যাকান্ডে জড়িতদের নাম বলেছে।
স্বীকারোক্তিতে মিশু বলেছে ধুমপানের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিষয়কে কেন্দ্র করে বাক বিতন্ডার জেল ধরে গালিবকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ কিলিং মিশনে ছিল সেসহ চারজন। গত শনিবার বিকেলে বগুড়ায় আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিল্পী দাসের কাছে মিশু এই স্বীকারোক্তি দেয়। ম্যাজিস্ট্রেট তার দেয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীররাতে বগুড়া সদর থানার পুলিশের একটি টিম আদমদিঘী উপজেলার চাঁপাপুর গ্রামের একটি বাড়ি থেকে মিশুকে গ্রেফতার করে। ওই গ্রামে মিশু তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল। এরপর শনিবার তাকে আদালতে হাজির করা হলে সে এই স্বীকারোক্তি দেয়। ধৃত মিশু ওরফে মিশুক (২২) মহানগরের ঠনঠনিয়ার গোয়ালপাড়ার সোহেলের ছেলে।
নিহত গালিব ঠনঠনিয়া নতুনপাড়ার মৃত মাহবুবর রহমানের ছেলে এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র ছিল। এ হত্যার ঘটনায় শুক্রবার নিহত গালিবের মা ইয়াসমিন খাতুন বাদি হয়ে মিশুকে প্রধান আসামি করে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলো জিসাদ, বাবু ও জয়। এই আসামিরা পলাতক রয়েছে।
আরও পড়ুনপুলিশ জানিয়েছে, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পিছনে মাঠে গালিব বন্ধুদের সাথে খেলাধুলা শেষে ধুমপান করছিল। এসময় মিশু মোবাইল ফোনে গালিবের ধুমপানের দৃশ্য ভিডিও ধারণ করে। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখায় মিশু। তখন গালিব ভিডিওটি ডিলিট করতে বললে মিশু তা ডিলিট করতে অস্বীকার করে। এনিয়ে গালিবের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়।
এসময় মিশু গালিবকে চড় থাপ্পর মারে। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে প্রহার করার এক পর্যায়ে মিশু গালিবকে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে। এসময় মিশুর সহযোগী জিসাদ, বাবু ও জন এসে তারাও গালিবকে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল ৯ টার দিকে গালিব মারা যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান,গালিব হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি মিশু ওরফে মিশুককে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে সে এ হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। সেইসাথে অপর তিন আসামির নামও বলেছে। কিন্তু এই তিন আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।
মন্তব্য করুন









