জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনের চেয়ে ট্রেন বড়, যাত্রী সেবা বিঘ্নিত
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনের চেয়ে ট্রেন বড়, এতে যাত্রী সেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম রেলপথ। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ স্টেশন ব্যবহার করলেও প্রয়োজনীয় যাত্রীসেবা ও অবকাঠামোগত নানা সমস্যায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয় যাত্রীদের অন্যতম দাবি, আক্কেলপুর স্টেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া। বিশেষ করে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের স্টপেজ না থাকায় এ অঞ্চলের যাত্রীদের অন্য স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এসব ট্রেনের স্টপেজ চালু হলে আক্কেলপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্টেশনের আরেকটি বড় সমস্যা হলো পর্যাপ্ত শেড না থাকা। বিশেষ করে দুই নম্বর প্ল্যাটফর্মে শেড না থাকায় বর্ষাকালে বৃষ্টির মধ্যে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়। ট্রেন আসার পর বৃষ্টিতে ভিজেই অনেককে ট্রেনে উঠতে হয়। অন্যদিকে এক নম্বর প্ল্যাটফর্মে থাকা শেডটিও পুরো প্ল্যাটফর্মের যাত্রীদের আশ্রয় দেওয়ার জন্য পর্যাপ্ত নয়।
ফলে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এছাড়া দীর্ঘ রেকের ট্রেন চলাচলের তুলনায় স্টেশনের প্ল্যাটফর্ম আরও প্রশস্ত করার প্রয়োজন রয়েছে। প্ল্যাটফর্ম সরু হওয়ায় ট্রেন থেকে ওঠানামা এবং যাত্রীদের চলাচলে অনেক সময় সমস্যা হয়। বিশেষ করে ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্মের নিচে নামার সময় বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল যাত্রীদের ঝুঁকি ও ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের জন্য প্ল্যাটফর্ম প্রশস্ত করার দাবি রয়েছে।
আরও পড়ুনস্টেশনের প্রবেশপথ ও চলাচলের ব্যবস্থাও আরও যাত্রীবান্ধব করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সহজ ও নিরাপদ প্রবেশপথ নিশ্চিত করার পাশাপাশি স্টেশন এলাকায় প্রয়োজনীয় সীমানাপ্রাচীর ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে। সীমানাপ্রাচীরের ঘাটতি থাকায় স্টেশনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে যাত্রীদের।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল আলম বলেন, এ স্টেশনের আয় রয়েছে প্রচুর, সে তুলনায় যাত্রী সেবা নেই, আসন সংখ্যা বাড়ানো প্রয়োজন। ফলে অনেক যাত্রীদের সিট দেওয়া যায় না, অনেক সময় দাঁড়িয়ে যেতে হয় গন্তব্যে।
স্থানীয়দের দাবি, আক্কেলপুর রেলওয়ে স্টেশনকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ, দুই নম্বর প্ল্যাটফর্মে শেড নির্মাণ, প্ল্যাটফর্ম প্রশস্তকরণ, নিরাপদ প্রবেশ পথ এবং সীমানা প্রাচীরসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা জরুরি।
মন্তব্য করুন







