পলাতক স্বৈরাচার সীমানার ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র শুরু করেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচার দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। গুম, খুন ও ভোটাধিকার কেড়ে নেয়ার রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক জনসভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার যখন দেশের মানুষের জন্য কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের মানুষ আর ডামি নির্বাচন দেখতে চায় না। যারা ১৬ বছর ক্ষমতায় ছিল, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি, সেই প্রশ্নও তোলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, তারা দেশপ্রেমিক হতে পারে না। দেশের মানুষ নিরাপত্তা ও ভাগ্যের পরিবর্তন চায়। ২০২৪ সালের মতো স্বৈরাচারের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষায় সেসময় যেসব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাবেদারি শক্তির বিরুদ্ধে একটাই বক্তব্য—‘এনাফ ইজ এনাফ’।
আরও পড়ুনজনসভায় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খনন করা খালগুলো তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। তিনি বলেন, চলতি বছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে। ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়া হবে এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







