বনশ্রীতে চার বছরের মেয়েকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
রাজধানীর বনশ্রীতে চার বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা মেহেরুননেসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীকে হোয়াটসঅ্যাপে পরপর দুটি ভয়েস বার্তা পাঠিয়ে মেয়েকে হত্যার কথা জানান তিনি। পরে বাড়ির মালিকের ফোন পেয়ে পুলিশ বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর নাম আসফিয়া জাহান নূর। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রামপুরার বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
শিশুটির দূরসম্পর্কের দাদি ফরিদা ইয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের বলেন, ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা তাঁর স্বামী আশরাফুল হক ইমনকে হোয়াটসঅ্যাপে ‘ভিউ ওয়ান্স’ সুবিধা ব্যবহার করে পরপর দুটি ভয়েস বার্তা পাঠান।
প্রথম বার্তায় তিনি বলেন, “তোর মেয়েরে মাইরা ফেলতেছি।” কিছুক্ষণ পর দ্বিতীয় বার্তায় বলেন, “আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি।”
বার্তা দুটি পাওয়ার পর ইমন তাদের বাড়ির মালিক এমদাদুল হককে ফোন করে দ্রুত ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। বাড়ির মালিক সেখানে গিয়ে মেহেরুননেসার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করে পুলিশে ধরিয়ে দিতে বলেন।
পরে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনপুলিশ জানায়, উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, ৯৯৯-এ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বনশ্রীর ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে স্বামী, স্ত্রী ও তাদের সন্তান থাকতেন। ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না।
তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আটক মেহেরুননেসাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্য ফরিদা ইয়াসমিন জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে আশরাফুল হক ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের প্রথম বছর সংসারে শান্তি থাকলেও পরে তাদের মধ্যে দাম্পত্য বিরোধ শুরু হয়। দুই পরিবার একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সফল হয়নি।
নিহত শিশুর বাবা ইমন একটি কাপড়ের দোকানে কাজ করেন। মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি ওই এলাকার মৃত মহসীনের মেয়ে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






