অভিনয়ে আগ্রহ আছে কন্টেন্ট ক্রিয়েটর তুষারের, তবে...
অভি মঈনুদ্দীন : দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মো: তানভীর হায়দার তুষার। নটরডেম কলেজ ও আহসান উল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিষয়: কম্পিউটার সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং) সাবেক এই ছাত্র চাকুরী করছেন একটি সফটওয়্যার কোম্পানীতে (বিদেশী প্রতিষ্ঠানে) একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। চাকুরীর পাশাপাশি তিনি যতোটুকু সময় পান বলা যায় তার পুরোটা সময়ই তিনি কন্টেন্ট ক্রিয়েট করাতে ব্যস্ত থাকেন। ২০১৮ সাল থেকে মূলত তুষার কন্টেন্ট ক্রিয়েট করছেন। পবিত্র রমজানের ইফতারির একটি ভুল বিষয় নিয়ে তার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু। তবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুরুতেই সবচেয়ে আলোচনায় এসেছিলেন তিনি ‘মিস ইউনিভার্স ২০১৮’ এবং তাহেরীর ওয়াজ মুখস্ত করে কন্টেন্ট ক্রিয়েট করে। এই দুটি কন্টেন্ট তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। ফেসবুকে তার পেজ-এর নাম ‘করহমড়ঢ়ড়ষু’ যা ইতিমধ্যে এক মিলিয়ন ভিউয়ার্স ফলো করছেন। টিকটকেও তিনি আছেন ‘দুষ্টু কিং’ নামে। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা কালীন সময়ে তুষার বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। সেই সময়েই মূলত অনুধাবন করেন শত শত দর্শকের সামনে মঞ্চে একটি চরিত্রে অভিনয় করা কতোটা কঠিন। তুষারেরর ভাষ্যমতে এখন পর্যন্ত তার পেজ-এ পাঁচ শতাধিক কন্টেন্ট প্রকাশ করা আছে। যার বেশির ভাগই সামজের নানান অসঙ্গতি নিয়ে নির্মিত। এছাড়াও মজার মজার আরো নানান বিষয়েও তার কন্টেন্ট রয়েছে। প্রতি সপ্তাহেই তাকে নতুন নতুন কন্টেন্ট প্রকাশ করতে হয়। যে কারণে চাকুরীর পাশাপাশি তাকে কন্টেন্ট ক্রিয়েশনে অনেক সময় দিতে হয়। টেলিভিশন মিডিয়ায় অভিনয়ে আগ্রহ রয়েছে তুষারের। তুষার বলেন,‘ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা কালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয় করার সময়েই আসলে বুঝতে পেরেছি অভিনয় কতোটা কঠিন। তারপর যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কাজ শুরু করলাম, তখন আসলে একটি বা দুটি বা কয়েকটি চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে যখন অভিনয় করতে হয়, একবার দুইবারের জায়গায় বেশ কয়েকবার টেক নিতে হয় তখন আসলে বুঝতে পেরেছি আরো ভালোভাবে যে অভিনয়টা আসলে কতোটা কঠিন। মিডিয়ার নাটকে বা সিনেমায় অভিনয়ে আগ্রহ আছে আমার। তবে আমার বিশ্বাস যিনি আমাকে কাজের প্রস্তাব দিবেন আমাকে জেনেই দিবেন এবং আমার যদি সেই কাজের জন্য নিজেকে যোগ্য মনে হয়, ফিট মনে হয় তবেই আমি অভিনয় করবো।’ এদিকে আজ তুষারের জন্মদিন। একজন নিরাপদ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি সম্মাননাতেও ভূষিত হয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েকটি সংগঠন থেকে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কৃতও হয়েছেন। তুষারের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার টোনার চরে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795007136.jpg)



