প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:৫৯ পিএম
রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গরুর জন্য নদীর পাড়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীরকুল এলাকার বরই বাগানসংলগ্ন সীমান্তবর্তী ফেনী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে স্বজনেরা নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তাঁর মরদেহ দেখতে পান।
নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মং মং মারমার ছেলে। ১৯৮৬ সালে স্বেচ্ছায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) থেকে অব্যাহতি নেন তিনি। তিনি ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাংলাদেশের ফেনীরকুল ও ভারতের ডোলবাড়ি সীমান্তের ২২১৪/১৮ এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় স্বজনেরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে আবারও খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা।
নিহতের ছেলে থংগো মারমা জানান, গত রাত থেকে তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় লোকজন ও বিজিবির সহযোগিতায় রাতভর এবং সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ভারতের ঢোলবাড়ি অংশে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে বাবার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
থংগো মারমা বলেন, বিএসএফ তাঁর বাবাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনাবশত কংক্রিটের ব্লকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না। তাঁর বাবার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মামলা করবেন বলে জানিয়েছেন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1794645837.jpg)