বগুড়ার ধুনটে মুক্ত জলাশয়ের বুকে মুগ্ধতা ছড়াচ্ছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মুক্ত জলাশয়ে সবুজের মধ্যে সাদা, হালকা গোলাপি আর বেগুনির মিশেলে ফুটে আছে রাশি রাশি কচুরিপানা ফুল। দেখে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। উপজেলার হুকুম আলী-মথুরাপুর সড়কের বিশ্বহরিগাছা গ্রামে সড়কের পাশে অপরূপ এই ছবি তৈরি করেছে কচুরিপানার ফুল। ফুলটি কোনো সুবাস না ছড়ালেও এর নান্দনিক রূপে মুগ্ধ এলাকাবাসি।
সরেজমিন দেখা যায়, উপজেলায় গ্রাম-গঞ্জের পুকুর, খাল-বিলের জলে ভাসে অপার সৌন্দর্যের প্রতীক এই ফুল। এটি একধরনের জলজ ফুল, যা তার রং ও কোমলতার জন্য সবাইকে মুগ্ধ করে। এ ফুলের রং সাধারণত হালকা বেগুনি বা নীলচে-বেগুনি, মাঝে মাঝে পাপড়ির এক কোণে থাকে একফোঁটা হলুদ দাগ, যা ফুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।
ফুলগুলো গুচ্ছাকারে ফোটে, যেন নরম মেঘের মতো পানির বুকে ভেসে থাকে। গাছের পাতা গোল ও সবুজ, ডাঁটা ফাঁপা। তাই গাছটি সহজেই পানির ওপর ভেসে থাকে। সাধারণত বর্ষা থেকে শরৎ ও হেমন্তকাল পর্যন্ত এ ফুল ফোটে। তখন জলাশয় ভরে ওঠে বেগুনি রঙের ফুলে। এ ফুল শুধু প্রকৃতিকে সাজায় না, মানুষের মনেও আনে প্রশান্তি ও সৌন্দর্যের অনুভূতি।
তবে গাছটি অতিবৃদ্ধ হলে কখনো কখনো জলাশয়ের প্রবাহে বাধা দেয়। তবুও রূপের সামনে সেই ত্রুটি যেন হার মানে। স্থানীয় কৃষক জামাল উদ্দিন বলেন, আগে কচুরিপানা দেখলে বিরক্ত লাগতো। এখন ফুল ফুটলে মনে হয় প্রকৃতি হাসছে। সকালে কাজের সময় থেমে দেখি, চোখ জুড়িয়ে যায়।
আরও পড়ুনস্কুলছাত্রী মহুয়া খাতুন বলেন, প্রতিদিন স্কুলে যাওয়ার পথে এই ফুল দেখি। মনে হয়, যেন কোনো ফুলের বাগানে হাঁটছি। ফুলগুলোর রং খুব দৃষ্টিনন্দন। প্রকৃতিপ্রেমী রোদেলা তানজিম নিধি বলেন, ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা হয়ে উঠেছে মুক্ত জলাশয়টি। বিশেষ করে হুকুম আলী-মথুরাপুর সড়কের পাশে পরিত্যাক্ত ডোবায় এ ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে।
ধুনট উপজেলা কৃষি অফিসার ছামিদুল ইসলাম বলেন, কচুরিপানা জলাশয়ের পানির প্রবাহে কিছুটা বাধা সৃষ্টি করলেও এর ফুল আমাদের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্যের অংশ। নিয়ন্ত্রিতভাবে এটি রক্ষা করা গেলে প্রকৃতির সৌন্দর্য যেমন বাড়বে; তেমনই জলজ প্রাণির আশ্রয়ও সংরক্ষিত থাকবে।
মন্তব্য করুন








