ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।
টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আল্লাহর ওপর ভরসার কথা তুলে ধরেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী। পোস্টে অনন্ত জলিল বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভালো ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।
অনন্ত জলিলের এই পোস্ট এমন এক সময়ে এলো, যখন তার ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে একের পর এক খবর সামনে আসছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়।
এ ছাড়া তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং সেখানে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও তৈরি হয়েছে আলোচনা। এসব খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন অনন্ত জলিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








