প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০১:১৫ পিএম
ফেরি-বাল্কহেডের সংঘর্ষে প্রাণ গেল ১১ বছরের শিশুর
ফেরি-বাল্কহেডের সংঘর্ষে প্রাণ গেল ১১ বছরের শিশুর
শরীয়তপুর-চাঁদপুর নৌপথের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর আহতদের স্পিডবোটে করে জরুরি ভিত্তিতে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘কাকলি’ নামের ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে ফেরিটি শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশ করে। এ সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান এর চালক। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে নৌ পুলিশ।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেক যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। একপর্যায়ে ১১ বছর বয়সী শিশুটি ফেরিতে থাকা একটি বাসের গায়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও দুজন আহত হন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





