বগুড়া সারিয়াকান্দির ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে ৬৯ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। প্রধান শিক্ষক শূন্য থাকায় বেশকিছু সমস্যার সম্মুখীন হয়ে চলছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন খুব শিঘ্র তাদের পদায়ন করা হবে এবং শূন্য পদগুলো পূরণ করা হবে।
বগুড়া সারিয়াকান্দি উপজেলায় মোট ১৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৪৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্বে রয়েছেন। মূলপদে আসীন রয়েছেন ৫৪ জন প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন যেসব প্রাথমিক বিদ্যালয়ে, সেসব প্রাথমিক বিদ্যালয়গুলো হলো, শিমুলতাইড়, চর ফাজিলপুর, চর চালুয়াবাড়ী, ভাঙ্গরগাছা, কুপতলা, বাঁশগাড়ি, বরুরবাড়ি, খোর্দ্দ বলাইল, হাটশেরপুর, চকরথিনাথ, পাকুরিয়ার চর, চর জামথল, দেলুয়াবাড়ী, রামনগর, ফুলবাড়ি, ছাগলধরা, কর্ণিবাড়ী, নিজ বলাইল পশ্চিম পাড়া, অন্তার পাড়া, পশ্চিম ছাগলধরা, করমজাপাড়া, চর বাটিয়া, চর ছাগলধরা, চর গোসাইবাড়ী, শেখাহাতি, বেড়া পাঁচবাড়িয়া, শাহানবান্ধা, পূর্বচর শোনপঁচা, ধারাবর্ষা, সারিয়াকান্দি আদর্শ, হাওড়াখালি, মানিকদাইড়, কুড়িপাড়া, দক্ষিণ ছাগলধরা, পাকেরদহ, দহপাড়া, পার দেবডাঙ্গা, দক্ষিণ শংকরপুর, চর ভেড়ামারা, আদবাড়িয়া, পৌতিবাড়ী, পাকুরিয়া পাড়া, আটাচর, ৫০ কর্ণিবাড়ী, নাড়াপালা, নান্দিনার চর, চর মাঝিড়া, চর মাজবাড়ী, চর লক্ষীকোলা, কেস্টিয়ারচর, কামালপুর, সুতানারা, চর দলিকা, শংকরপুর, গোদাখালি মুক্তিযোদ্ধা, চর কর্ণিবাড়ী, বুরইল, কালিয়ান, ভাঙ্গারছেও, চর ডাকাতমারা, পাইকরতলী, ঘুঘুমারী দক্ষিণ, টেংরাকুড়া, বহুলাডাঙ্গা, তাজুরপাড়া, নিজ বলাইল হিন্দু পাড়া, ছাইহাটা পূর্ব পাড়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও দক্ষিণ ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নানা ধরনের সমস্যায় এসব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে।
অন্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, কয়েকবছর ধরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একদিকে নিজেদের ক্লাস করতে হচ্ছে, অপরদিকে অফিসিয়াল কাজকর্ম সবকিছুই করতে হচ্ছে। এদিকে অভিভাবকদের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। যেদিন অফিসিয়াল কাজকর্ম করতে উপজেলা সদরে যেতে হয়, সেদিন স্কুলের ক্লাস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেদিন সহকারী শিক্ষকদের অতিরিক্ত ক্লাস করতে হচ্ছে। আমরা বিষয়টির দ্রুত সমাধান চাই।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো: মাহতাবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। অতি শিঘ্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদায়ন করা হবে। পরে বা একই সাথে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। তখন এ ধরণের সমস্যার সমাধান হবে। তবে লক্ষনীয় যে, এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে না এবং কোনও ধরনের শিখন ঘাটতি হচ্ছে না।
মন্তব্য করুন








