এআই হাতে ব্যাংকের হিসাব, নতুন ফিচার কতটা নিরাপদ?
মাস শেষে টাকা কোথায় খরচ হলো, কোন খাতে বেশি ব্যয় হচ্ছে কিংবা ক্রেডিট কার্ডে অপ্রত্যাশিত চার্জ যুক্ত হয়েছে কি না-এসব হিসাব রাখতে অনেকেই হিমশিম খান। এবার সেই কাজ সহজ করতে এগিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। জনপ্রিয় এআই সংস্থা অ্যানথ্রপিক তাদের ক্লাউডে যুক্ত করেছে ‘পার্সোনাল ফাইন্যান্স’ নামে নতুন সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করে আয়-ব্যয়ের বিশ্লেষণ করতে পারবেন। তবে ব্যক্তিগত আর্থিক তথ্য এআইয়ের হাতে তুলে দেওয়া কতটা নিরাপদ?
কীভাবে কাজ করবে ক্লাউড পার্সোনাল ফাইন্যান্স?
এই সুবিধা ব্যবহারের জন্য প্রথমে প্লাইড নামের আর্থিক তথ্য সংযোগকারী পরিষেবার মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড যুক্ত করতে হবে। এরপর ক্লাউডকে সাধারণ ভাষায় প্রশ্ন করলেই পাওয়া যাবে খরচের বিস্তারিত বিশ্লেষণ।
ধরুন, আপনি জানতে চাইলেন, ‘এই মাসে আমার টাকা কোথায় কোথায় খরচ হয়েছে?’ ক্লাউড তখন লেনদেনের তথ্য বিশ্লেষণ করে বাড়িভাড়া, খাবার, কেনাকাটা, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচ আলাদা বিভাগে সাজিয়ে দিতে পারবে।
শুধু খরচের তালিকা তৈরি করাই নয়, লেনদেনের মধ্যে একই অর্থ দুইবার কাটা হয়েছে কি না, কোনো অপ্রত্যাশিত চার্জ যুক্ত হয়েছে কি না কিংবা নির্দিষ্ট কোনো বিলের পরিমাণ আগের তুলনায় বেড়েছে কি না, সেটিও খুঁজে দেখতে পারবে। আয় ও ব্যয়ের তুলনা করে ব্যবহারকারীকে নিজের আর্থিক পরিস্থিতি বুঝতেও সাহায্য করবে এই ফিচার।
এআই কি আপনার টাকা ব্যবহার করতে পারবে?
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্লাউডের পার্সোনাল ফাইন্যান্স সুবিধাটি ‘রিড-অনলি’ বা শুধু তথ্য পড়ার জন্য তৈরি। অর্থাৎ এটি অ্যাকাউন্টের লেনদেন দেখতে ও বিশ্লেষণ করতে পারবে, কিন্তু ব্যবহারকারীর হয়ে টাকা পাঠানো, লেনদেন করা, বিনিয়োগ কিংবা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না।
অ্যানথ্রপিকের দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টের নাম, ধরন, ব্যালান্স, ক্রেডিট লিমিট এবং অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যেতে পারে। পাশাপাশি সর্বোচ্চ দুই বছরের লেনদেনের তথ্য বিশ্লেষণের সুযোগ রয়েছে।
আরও পড়ুনব্যক্তিগত তথ্য দেওয়া কতটা নিরাপদ?
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অত্যন্ত সংবেদনশীল। তাই কোনো এআই প্ল্যাটফর্মের সঙ্গে আর্থিক তথ্য যুক্ত করার আগে তার গোপনীয়তা নীতি, তথ্য ব্যবহারের নিয়ম এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানা জরুরি।
এআই প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সেটি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। কী ধরনের তথ্য শেয়ার করা হচ্ছে এবং সেই তথ্য কীভাবে ব্যবহার করা হবে, তা বুঝে নেওয়া উচিত। সতর্ক থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
মনে রাখতে হবে, কোনো পরিষেবায় রিড-অনলি সুবিধা থাকলেই ব্যক্তিগত তথ্যের ঝুঁকি একেবারে শেষ হয়ে যায় না। তাই অপ্রয়োজনীয় আর্থিক তথ্য শেয়ার না করা, অ্যাকাউন্ট সংযোগের অনুমতি ভালোভাবে যাচাই করা এবং প্রয়োজন না হলে সংযোগ বিচ্ছিন্ন রাখাই বুদ্ধিমানের কাজ।
এআইয়ের সাহায্যে আর্থিক হিসাব রাখা নিঃসন্দেহে সুবিধাজনক হতে পারে। তবে নিজের টাকার হিসাব বুঝতে গিয়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার সঙ্গে আপস করা উচিত নয়।
মন্তব্য করুন

আইটি ডেস্ক








