গোপনে নয় এখনই দেশে আসেন, টিকিট দেব: তথ্য প্রতিমন্ত্রী
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে তাকে দেশে ফেরার টিকিট দেওয়ার কথাও বলেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনাকে উদ্দেশ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন। প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।’
প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী-শিশুসহ মানুষের রক্ত ঝরিয়েছেন, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চান, তাদের যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
নান্দাইলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যে ১৮৬টি রাস্তায় ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তায় ইটের সোলিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য অনুদান আনা হয়েছে, যা ময়মনসিংহের অন্য কোনো উপজেলায় আসেনি বলে তিনি দাবি করেন।
আরও পড়ুনতিনি আরও বলেন, গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর দেওয়া হয়েছে। চলতি বছর আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণ এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়া চলছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে চাই। উন্নয়নের মাঠে, রাজপথে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব।’
নান্দাইলের স্থানীয় চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794063341.jpg)
_medium_1794060587.jpg)





