বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে: নাহিদ
বিএনপি আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রকল্প হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, ৫ আগস্টের পর গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই বেশি গুরুত্ব দিয়েছিল।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভায় রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি ও সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে এখন বিএনপি ঐক্যের কথা বলছে। তাঁর অভিযোগ, ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করলেও সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনবিএনপির অতীতের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কথা দলটি ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতন কীভাবে এত সহজে ভুলে গেল, সেই প্রশ্নও তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছিলেন। একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পণসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








