নিজ বাসায় বাথরুমে পড়ে মারা গেলেন জনপ্রিয় পরিচালক
বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় গুপ্ত মারা গেছেন। গ্যাংস্টার ড্রামা ও অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত এই পরিচালকের মৃত্যু হয়েছে মুম্বাইয়ে নিজের বাসভবনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে বাথরুমে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সঞ্জয় গুপ্ত। তবে শুরুতে পরিবারের কেউ বিষয়টি টের পাননি। পরদিন শনিবার ভোরে তার মৃত্যুর বিষয়টি জানা যায়। খবর পেয়ে ভারসোভা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপমৃত্যুর মামলা (অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট) দায়ের করে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এই মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রের পাশাপাশি সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও নির্মাতা মিলাপ জাভেরি। নির্মাতা অশোক পণ্ডিতও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ব্যক্তিগত জীবনে অনু লেখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঞ্জয় গুপ্ত। একবার বিচ্ছেদ হলেও পরবর্তীতে তারা আবার একসঙ্গে সংসার শুরু করেন।
চলচ্চিত্র নির্মাণে প্রায় তিন দশকের ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে সঞ্জয় গুপ্তকে। একসময় নিজের ২৫ বছরের কর্মজীবনকে ‘সাফল্য ও ব্যর্থতার মিশেল’ বলে বর্ণনা করেছিলেন তিনি। জীবনের কঠিন সময় পেছনে ফেলে আবারও ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে পেরে সন্তুষ্টির কথাও জানিয়েছিলেন এই নির্মাতা।
১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। তবে ২০০২ সালে মুক্তি পাওয়া ‘কাঁটে’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, লাকি আলী ও মহেশ মাঞ্জরেকারের মতো তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পায়। এরপর গ্যাংস্টার ও অ্যাকশন থ্রিলার ঘরানার নির্মাতা হিসেবে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
তবে ‘কাঁটে’র সাফল্যের পর দীর্ঘদিন ভালো সময় কাটলেও অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে মনোমালিন্যের কারণে প্রায় চার বছর কাজহীন থাকতে হয় তাকে। এক সাক্ষাৎকারে সঞ্জয় গুপ্ত জানিয়েছিলেন, সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর বলিউডের প্রায় ৯০ শতাংশ মানুষ তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিল।
আরও পড়ুনপরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। মানসিক অবসাদ কাটাতে খান্ডালার একটি হোটেলে সপ্তাহে চার দিন চাকরিও শুরু করেছিলেন। কারণ, তার মনে হয়েছিল চলচ্চিত্র জগতে আর কাজের সুযোগ পাবেন না।
তবে জীবনের সেই কঠিন সময়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা হয়ে আসে তার পুত্রসন্তানের জন্ম। সেই সময়ের কথা স্মরণ করে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি যখন তাকে কোলে নিয়ে ভাবছিলাম, আমি ওর জন্য কী রেখে যাব? আমি তো ১৫ বছর বয়স থেকে কাজ শুরু করেছি এবং ২২ বছর বয়সে প্রথম ছবি বানিয়েছি। তাহলে এখন ৪০ বছর বয়সে এসে আমি কেন হাল ছেড়ে দেব?’
এরপর প্রযোজক একতা কাপুরের সঙ্গে যোগাযোগ করেন সঞ্জয় গুপ্ত। তার কাছে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ নির্মাণের প্রস্তাব দেন। ২০১৩ সালে সিনেমাটি মুক্তির পর আবারও পরিচালনায় সফলভাবে ফিরে আসেন তিনি।
এরপর ২০১৫ সালে নির্মাণ করেন ‘জাজবা’। ২০১৭ সালে হৃতিক রোশনকে নিয়ে উপহার দেন ‘কাবিল’। এ ছাড়া তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মুম্বাই সাগা’, ‘বিসফট’ ও ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’।
গ্যাংস্টার ও অ্যাকশন থ্রিলার ঘরানায় নিজস্ব নির্মাণশৈলীর জন্য পরিচিত সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793446117.jpg)
_medium_1793441077.jpg)


_medium_1793362888.jpg)

_medium_1793421177.jpg)
_medium_1793438344.jpg)
_medium_1793443382.jpg)