ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৯:০২ পিএম

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা তার ‘অরা’ সফরের প্রথম ভারতীয় আয়োজন। এর আগে মুম্বাইয়ে তার আসন্ন কনসার্টকে কেন্দ্র করে বোমা হামলার হুমকির খবর সামনে এসেছে। এ পরিস্থিতিতে দিল্লির অনুষ্ঠান ঘিরেও নিরাপত্তা জোরদার করছে প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের মেয়রের কাছে পাঠানো একটি হুমকিমূলক ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ এবং দিলজিতের কনসার্টে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পাঠানো ওই বার্তার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ে দিলজিতের অনুষ্ঠান হওয়ার কথা।

এদিকে, দিল্লির কনসার্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ। অনুষ্ঠান ঘিরে প্রথমে অনুমতি নিয়ে জটিলতা তৈরি হলেও পরে অনুমতি পাওয়া গেছে। এখন দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা গেছে, আয়োজকদের আরও বেশি সংখ্যক বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের নির্দেশ দিয়েছে পুলিশ। প্রথমে ৪০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও এখন সেই সংখ্যা বাড়িয়ে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার করার পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৫৫ হাজার দর্শক কনসার্ট উপভোগ করতে পারেন। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতির কথা মাথায় রেখে প্রবেশ ও বের হওয়ার পথের সংখ্যা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

নিরাপত্তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকার মধ্যে যান চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে প্রশাসন। নির্দিষ্ট কিছু এলাকায় কেবল শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

দর্শকদের আরও কাছে পৌঁছানোর জন্য মঞ্চের সামনের র‌্যাম্পের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে নিরাপত্তা পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের বেশির ভাগ সময় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ‘অরা’ সফর নিয়ে ব্যস্ত ছিলেন দিলজিৎ। এবার ভারতের দর্শকদের সামনে সেই আয়োজন তুলে ধরবেন তিনি। তবে কনসার্ট ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার হওয়ায় অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনুরাগীদের একাংশের মধ্যে আলোচনা চলছে। যদিও অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পুলিশ পরিচয়ে ২ কোটি টাকার সোনা লুট, ৯০ লাখে বিক্রি, গ্রেফতার ৪

১

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

২

গোলাপি আভায় জয়া আহসান

৩

রংপুরে ৫ দিনব্যাপী ৫ম জেলা কাব ক্যাম্পুরী শুরু

৪

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার লিটন সাকিদার হত্যা মামলার ৫ আসামির জামিন নামঞ্জুর

৫

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বগুড়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রত্যাশা

৬