বগুড়ায় আদালত প্রাঙ্গণে বাবা-মেয়ে-মায়ের ধস্তাধস্তি, থানা হেফাজতে তামান্না
কোর্ট রিপোর্টার : বগুড়ায় আদালতের আদেশে তাসনিয়া রানা তামান্না নামের আলোচিত মেয়েকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার নির্দেশনার পর তার মা-বাবার সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বগুড়ার আদমদীঘি থানা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর দেওয়া আদেশে ওই মেয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন তার বাবা,মাসহ পরিবারের লোকজন। এ নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরের পর আদালত পাড়ায় তার বাবা-মা একটি কালো রঙের হাইস গাড়িতে তাকে জোর করে তোলার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করে তাঁদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর পোশাক ছিঁড়ে যায়। পরে কোর্ট ইন্সপেক্টর, বগুড়া সদর থানার ওসি ও গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তাকে নিরাপত্তার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়।
এদিকে, আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর তাঁর বাবা সাবেক পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদ অভিযোগ করে জানান, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে তামান্না প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় একই দিন আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. শহিদ হোসেনসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পরবর্তী পর্যায়ে ১ মে তামান্না আবার শহিদ হোসেনের সঙ্গে চলে যান । এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর বাবা পুনরায় অপহরণের অভিযোগ করেন।
পরে, এ বিষয়ে তামান্না সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেন, তাকে কেউ অপহরণ করেনি, বরং তিনি নিজের ইচ্ছায় গিয়েছিলেন। ফলে ঘটনাটি নিয়ে বাবা ও মেয়ের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দেয়।আজ সোমবার (২৬ অক্টোবর) প্রাপ্তবয়স্ক হওয়ায় বাবা-মায়ের সঙ্গে যেতে অনিচ্ছা প্রকাশ করে তামান্না নিজ জিম্মায় থাকার আবেদন করেন।
আরও পড়ুনতার পক্ষে আইনজীবী বজলুর রশিদ শহিদ এ আবেদন করেন। আদালতের কার্যক্রম শেষে তামান্না বের হওয়ার সময় নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এ পরিস্থিতিতে আদালতের কোর্ট ইন্সপেক্টরকে ডেকে সতর্ক থাকার বিষয়ে বলা হয়। পরে পুলিশি প্রটোকলে কোর্ট ইন্সপেক্টর ও বগুড়া সদর থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
সন্ধ্যায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহীম আলী জানান, ২৬ অক্টোবর তাসনিয়া রানা তামান্না নামের মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার পর তাকে রাজশাহীর সেফ হোম থেকে বগুড়ার আদালতে আনা হয়।
মামলার নির্ধারিত কার্যক্রম চলাকালে তাঁর বাবা-মা তাঁকে নিজেদের জিম্মায় নেওয়ার আবেদন করেন। পরে, আদালত তার বাবা মায়ের আবেদন নাকচ করে প্রাপ্ত বয়স্ক হওয়ায় নিজ জিম্মায় থাকার আদেশ প্রদান করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোর্ট ইন্সপেক্টরের তথ্য অনুযায়ী মহিলা পুলিশসহ আদালত চত্ত্বরে অবস্থান নেয় বগুড়া সদর থানা পুলিশ।
বর্তমানে আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়ের ইচ্ছা অনুযায়ী নিজ জিম্মায় থাকতে ও পরিস্থিতি মোকাবিলায় তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







