কাটা আপেল কালো হয়ে যায়, রং সতেজ রাখার সহজ কৌশল
আপেল খেতে ভালোবাসেন অনেকেই। সকালের নাশতা হোক কিংবা অতিথি আপ্যায়ন, ফলের প্লেটে আপেলের টুকরো থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমন সুস্বাদু। কিন্তু আপেল কাটার কিছুক্ষণ পরেই যখন তার গায়ে খয়েরি বা কালচে দাগ পড়ে, তখন আর খেতে ইচ্ছা করে না অনেকের। বিশেষ করে অতিথিদের পরিবেশন করার সময় কাটা আপেলের রং বদলে গেলে অস্বস্তিতে পড়তে হয়।
কেন কালচে হয়ে যায় আপেল?
আপেল কাটার পর তার ভেতরের অংশ বাতাসের সংস্পর্শে আসে। তখন আপেলের মধ্যে থাকা কিছু উপাদান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘এনজাইম্যাটিক ব্রাউনিং’। এর ফলেই আপেলের কাটা অংশে খয়েরি বা কালচে রং দেখা দেয়। এটি আপেলের স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে কাটার পর কীভাবে আপেল সংরক্ষণ করছেন, তার ওপরও রং বদলানোর গতি নির্ভর করতে পারে।
কয়েকটি সহজ ঘরোয়া কৌশল মেনে চললে আপেলের রং দীর্ঘক্ষণ সতেজ রাখতে সাহায্য পাওয়া যায়।
লেবুর রস মেশানো পানিতে ভিজিয়ে রাখুন
কাটা আপেলের রং বদলানো ধীর করতে লেবুর রস ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ১ কাপ পানি নিয়ে তাতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার আপেলের টুকরোগুলো ওই পানিতে প্রায় ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে পরিবেশন করুন। চাইলে আপেলের কাটা অংশে অল্প লেবুর রসও মাখিয়ে নিতে পারেন। তবে এতে আপেলের স্বাদ কিছুটা টক হতে পারে।
ব্যবহার করতে পারেন লবণ-পানি
কাটা আপেল সতেজ রাখতে লবণ-পানিও একটি পরিচিত ঘরোয়া কৌশল। এক পাত্র পানিতে সামান্য লবণ মিশিয়ে নিন। এরপর আপেলের টুকরোগুলো ৫ মিনিটের মতো ভিজিয়ে রাখুন। তুলে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এতে আপেলে লবণের স্বাদ থেকে যাওয়ার আশঙ্কা কমবে। তবে বেশি লবণ ব্যবহার না করাই ভালো।
আরও পড়ুনমধু মেশানো পানিতে রাখুন
আপেলের রং বদলানো ধীর করতে মধু মেশানো পানিও ব্যবহার করে দেখতে পারেন। ১ কাপ পানিতে ২ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এবার কাটা আপেলের টুকরোগুলো ৫ থেকে ১০ মিনিট ওই পানিতে ভিজিয়ে রাখুন। এরপর তুলে পানি ঝরিয়ে পরিবেশন করুন। আপেলের স্বাদে সামান্য মিষ্টি ভাব আসতে পারে, তাই পরিমাণ বুঝে ব্যবহার করুন।
কেটে রেখেই খোলা অবস্থায় রাখবেন না
আপেল কাটার পর দীর্ঘক্ষণ খোলা জায়গায় ফেলে রাখবেন না। পরিষ্কার, ঢাকনাযুক্ত পাত্রে আপেলের টুকরোগুলো রেখে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে বাতাসের সংস্পর্শ কমবে এবং আপেল কিছুটা বেশি সময় সতেজ থাকতে পারে। তবে সবচেয়ে ভালো ফল পেতে পরিবেশনের ঠিক আগে আপেল কেটে নেওয়াই ভালো।
অতিথি আপ্যায়ন হোক কিংবা নিজের খাবারের জন্য-আপেল কাটার পরপরই পরিবেশন করা বা ঠিকভাবে ঢেকে ঠান্ডা জায়গায় রাখা সুবিধাজনক। আর যে কৌশলই ব্যবহার করুন, আপেল কাটার আগে ও পরে হাত, ছুরি এবং পাত্র পরিষ্কার রাখুন।
সূত্র: এনডিটিভি ফুড, গুড হাউজকিপিং
মন্তব্য করুন









