কুড়িগ্রামে বৃদ্ধ হত্যা : অভিযুক্ত নাতি রাব্বি গ্রেফতার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া(৬০) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নাতি রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে ছুরি উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত সোমবার দিনগত রাতে হত্যাকাণ্ডের পর পালিয়ে যায় নিহতের ভাতিজার ছেলে রাব্বি(২২)। পরে তার মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে উপজেলার তবকপুর ইউনিয়নে তার নানাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ সংলগ্ন একটি পুকুরে তল্লাশি চালিয়ে ছুরি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া প্রায় ৪০ বছর ধরে রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দুইদিন আগে তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে বেড়াতে আসেন। গত সোমবার দিনগত রাত ১টার দিকে বড় ভাই এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়ার বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।
আরও পড়ুনএক্কাবর আলী জানান, ঘুম থেকে উঠে তারা রাব্বির হাতে গামছা দিয়ে প্যাঁচানো রক্তমাখা একটি ছুরি দেখতে পান। পরে রাব্বি ছুরিটি মাটিতে ফেলে দেন। ঘরের ভেতরে গিয়ে তারা বাচ্চু মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখেন। এসময় স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই রাব্বি পালিয়ে যায়।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
মন্তব্য করুন







