একটি মহল মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী
রংপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল দেশে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চেয়েছিল, কিন্তু দেশের মানুষ তাদের কর্মকাণ্ড ভালোভাবে গ্রহণ করেনি। এখন তারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় অবস্থিত ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন এবং দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, আপনারা সংসদে আসুন, কথা বলুন। আপনাদের বক্তব্য আমরা শুনতে চাই। জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রস্তাব থাকলে তা গ্রহণ করতে আমরা রাজি আছি। জনগণের স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কাজ করছে। সব ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়তে চান তাঁরা।
তিনি বলেন, এ জন্য দেশের জনগণকে আরও কাছে পেতে চাই, তাদের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী আবারও নিরাপদ বাংলাদেশ গঠনে দেশের জনগণের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য এ দেশের মানুষ যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
তিনি আরও বলেন, মাত্র দুই বছর আগে দেশে সংঘটিত গণঅভ্যুত্থানেও ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন। তাদের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করা হয়েছিল। এখন আমরা আগামীর বাংলাদেশকে শান্তির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। কোনো অঞ্চলে তারা বিজয়ী হয়েছেন, আবার কোনো অঞ্চলে বিজয়ী হতে পারেননি। তবে সরকার মনে করে, দেশের সব অঞ্চলের মানুষই তাদের সমর্থন দিয়েছেন। তাই সারা দেশে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করবে।
আরও পড়ুনরংপুর মহানগরীর উন্নয়নে একনেকের সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রংপুরের জেলা ও উপজেলা পর্যায়ে অবকাঠামো এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নেও জেলা পরিষদের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দুপুর ১২টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর নগরীর স্টেশন রোড এলাকার রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে হাজারো নারী-পুরুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন। পাশাপাশি মন্দিরের দরিদ্র ও মেধাবী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ছয়তলা ভবন নির্মাণকাজে সহযোগিতার আশ্বাস দেন।
মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর সাহেব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

_medium_1792484150.jpg)
_medium_1792483482.jpg)
_medium_1792483349.jpg)
_medium_1792480870.jpg)


_medium_1792484387.jpg)
_medium_1792480743.jpg)