প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’
স্পোর্টস ডেস্ক : আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’। নতুন সংস্করণটি ১৪ থেকে ২৯ নভেম্বর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। এই ফরম্যাটে ছেলে ও মেয়েদের দলগুলো একত্রিত হয়ে খেলবে এবং তাদের সম্মিলিত স্কোর ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।
ক্রিকেটের এই ‘চতুর্থ সংস্করণ’-এর উদ্বোধনী টুর্নামেন্টে ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন ক্রিকেটার অংশ নেবেন।
বিশ্বজুড়ে বাছাই করা এই ক্রিকেটারদের চারটি মহাদেশীয় দলে বিভক্ত করা হয়েছে। প্রতিটি দলে ৪০ জন করে খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে ২০ জন মেয়ে এবং ২০ জন ছেলে।
প্রতিটি ম্যাচে নারী ও ছেলেদের দল পরস্পরের মুখোমুখি হবে। তবে উভয় দলের সংগৃহীত রান একটি একক দলীয় স্কোরে যুক্ত হবে এবং এই সম্মিলিত স্কোরই বিজয়ী নির্ধারণ করবে।
এই ফরম্যাটে টস প্রক্রিয়ায় একটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। টসের মাধ্যমে কেবল কোন দল আগে ব্যাটিং করবে তা-ই নয়, বরং মেয়েদের নাকি ছেলেদের ম্যাচ আগে অনুষ্ঠিত হবে, তাও নির্ধারিত হবে।
এই ফরম্যাটের ‘প্যারিটি রুল’ বা সমতা বিধি অনুযায়ী এক দলের সংগৃহীত রান সরাসরি অন্য দলের ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে। প্রতিটি ম্যাচ একদিনে মোট ৮০ ওভারের হবে।
প্রথম ৪০ ওভার দিনের আলোয় লাল বল দিয়ে খেলা হবে, যেখানে খেলোয়াড়রা সাদা পোশাক পরিধান করবেন। বাকি ৪০ ওভার ফ্লাডলাইটের আলোয় সাদা বল দিয়ে খেলা হবে এবং তখন খেলোয়াড়রা রঙিন পোশাক পরবেন। উভয় সেশনের স্কোর একে অপরের সাথে যুক্ত থাকবে, কোনো সেশনের শেষে স্কোর পুনরায় শূন্য করা হবে না।
আরও পড়ুনআগামী ১৪ নভেম্বর একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে টুর্নামেন্টটি। এরপর ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩০ নভেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
উল্লেখ্য, পাঁচটি মহাদেশ থেকে হাজার হাজার তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। প্রায় এক বছর ধরে মাঠপর্যায়ে এবং অনলাইনে ট্রায়ালের মাধ্যমে সেরা খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। তাদের মধ্য থেকেই টুর্নামেন্টের ‘গ্লোবাল সিলেকশন কমিটি’ সেরা খেলোয়াড়দের নির্বাচন করেছে।
এই কমিটির নেতৃত্বে রয়েছেন ভারতের অন্যতম বিখ্যাত কোচ রাজকুমার শর্মা। এই মাসের শেষের দিকে, প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত ১৬০ জন খেলোয়াড়কে নির্বাচন করা হবে। যার মধ্যে ৮০ জন মেয়ে এবং ৮০ জন ছেলে থাকবে। তারাই হবে ‘টেস্ট টোয়েন্টি’-এর প্রথম ব্যাচ।
এবি ডি ভিলিয়ার্স, ম্যাথিউ হেইডেন এবং স্যার ক্লাইভ লয়েডকে নিয়ে উপদেষ্টা বোর্ড গঠন করা হয়। এছাড়া রাজকুমার শর্মার নেতৃত্বে গ্লোবাল সিলেকশন কমিটি এবং মাইক ফোর্ডহ্যামের পরিচালনায় গঠিত অপারেশন টিম। সব মিলিয়ে ‘টেস্ট টোয়েন্টি’-এর তরুণ খেলোয়াড়দের পেছনে রয়েছে ক্রিকেট বিশ্বের এমন সব ব্যক্তিত্ব, যারা সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন, কোচিং করিয়েছেন এবং ক্রিকেট পরিচালনার অভিজ্ঞতা রাখেন।
‘টেস্ট টোয়েন্টি’-এর প্রতিষ্ঠাতা গৌরব বাহিরভানি জানিয়েছেন, এই টুর্নামেন্টের লক্ষ্য হলো তরুণ খেলোয়াড়দের জন্য ক্রিকেটের একটি নতুন ফরম্যাট ও প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে একটি দলের ফলাফলে ছেলে ও মেয়ে উভয়ের পারফরম্যান্সই সমান গুরুত্ব পাবে।
মন্তব্য করুন



_medium_1792053186.jpg)
_medium_1792052051.jpg)
_medium_1792049711.jpg)
_medium_1792048252.jpg)


