বগুড়ার ধুনটে চাচা-চাচীর বিরুদ্ধে ভাতিজার পুরুষাঙ্গ কেটে ফেলার মামলা
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে ধারালো ছুরি চালিয়ে ওবাইদুর রহমানের (৩৭) পুরুষাঙ্গ কাটার অভিযোগে তার আপন চাচা-চাচী ও চাচাতো বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ওবাইদুর রহমানের স্ত্রী রুনা আক্তার বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
ওবাইদুর রহমান উপজেলার মাটিকোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। এ মামলার আসামিরা হলেন-ওবাইদুর রহমানের চাচা মাটিকোড়া গ্রামের সাইফুল ইসলাম ও তার স্ত্রী শিউলি খাতুন এবং চাচাত বোন নাজু খাতুন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচা ও ভাতিজার পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ অবস্থায় ৯ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ওবাইদুর রহমান স্ত্রীকে সঙ্গে নিয়ে ধুনট-শেরপুর সড়কের হুকম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মাটিকোড়া গ্রামে নিজ বাড়ির দিকে রওনা হন।
পথিমধ্যে বাড়ি অদূরে গ্রামের রাস্তায় পৌঁছেন ওবাইদুর রহমান। এসময় ওই রাস্তায় আগে থেকে অবস্থান নেয়া সাইফুল ইসলাম ও তার লোকজন ওবাইদুর রহমানের ওপর হামলা চালান।
আরও পড়ুনহামলাকারীদের লাঠির আঘাতে আহত হয়ে ওবাইদুর রহমান মাটিতে পড়ে যান। এসময় সাইফুল ইসলাম ধারালো ছুরি চালিয়ে ওবাইদুর রহমানের পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয় লোকজন আহত ওবাইদুর রহমান ও তার স্ত্রী রুনা আক্তারকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরের দিন সেখান উন্নত চিকিৎসার জন্য ওবাইদুর রহমানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার পর পলাতক থাকায় এ বিষয়ে সাইফুল ইসলাম ও তার পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন







