সিরাজগঞ্জের মাদক কারবারির যাবজ্জীবন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯শ’ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজকে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
আরও পড়ুনমামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টস্থ সড়কে মাদক বিরোধী অভিযান চালায় এসআরবি-১২ সদস্যরা।
এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহণের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯শ’ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআরবি-১২’র ডিএডি মো: আমজাদ আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় প্রদান করে।
মন্তব্য করুন









