দিনাজপুরের বিরামপুরে সবুজে ভরে উঠেছে আমনের ক্ষেত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের বিরামপুর উপজেলায় আমনের ক্ষেত সবুজে ভরে উঠেছে। আমনের ক্ষেত দেখে মনে হবে এ যেন আবহমান বাংলার চিরায়ত উদ্ভাসিত রূপ।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। আমন রোপণে কৃষি বিভাগ থেকে এবার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চার হাজার কৃষককে কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
ধানের অধিক দাম ও কৃষি প্রণোদনার সার, বীজ পেয়ে কৃষকরা আগ্রহী হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমন রোপণ করেছেন। এছাড়া এই উপজেলায় অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমাণ জমিতে সুগন্ধি জাতের আমন ধান চাষ হয়েছে।
আরও পড়ুনউপজেলা কৃষি কর্মকর্তাগণের সরাসরি তত্ত্বাবধান ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা সার প্রয়োগ ও নিবিড়ভাবে ক্ষেত পরিচর্যা করছেন। ফলে বন্যার প্রভাবমুক্ত অনুকূল আবহাওয়ায় আমনের ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে। কৃষকরা ভালো ফলনের আশা নিয়ে বুক বেধেছেন।
কৃষকদের রোপণকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, গুটি স্বর্ণা, স্বর্ণা-৫, সুগন্ধি জাতের ব্রি-৩৪ (জিরা কাটারী), সম্পা কাটারী ও আলিম জিরা জাত। উপজেলার চণ্ডিপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম সরকার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আমনের আশাতীত ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন








