বগুড়ায় জজ আদালতের অচলাবস্থা কাটছে, রোববার থেকে স্বাভাবিক কার্যক্রমের সম্ভাবনা
স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামান যোগদানের পর আইনজীবীদের আদালত বর্জনের মাধ্যমে সৃষ্ট অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। আগামী রোববার থেকে জেলা জজ আদালতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
গত ২২ সেপ্টেম্বর বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির জরুরি সাধারণ সভায় জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে মতপার্থক্য ও বিভেদ সৃষ্টি হয়। কয়েকজন আইনজীবী আদালতে পেশাগত কাজে গেলে অন্য আইনজীবীদের বাধায় আদালত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সাধারণ আইনজীবীরা পাবলিক প্রসিকিউটরকেও (পিপি) জজ আদালতে প্রবেশে বাধা দেন। ফলে বিচারিক কার্যক্রম অচল হয়ে পড়ে এবং বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হন।
সার্বিক বিষয়ে বগুড়া আদালতের পিপি এড. আব্দুল বাছেদ জানান, বারের সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা আদালত বর্জন করলেও সাধারণ আইনজীবীরা তাকেও আদালতে প্রবেশ করতে দেননি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তার সঙ্গে আলোচনা করেছেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনতিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি এক জরুরি সাধারণ সভার আহ্বান করেছে। বার সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়।
আজকের সভার মূল এজেন্ডা হলো—‘আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের আশ্বাসের প্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বরের সাধারণ সভায় গৃহীত জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ’। বার সমিতির নেতৃবৃন্দ ইঙ্গিত দিয়েছেন যে, আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের আশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে সভায় আদালত বর্জনের চলমান সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।
মন্তব্য করুন







