বগুড়া মহানগরের সাতমাথায় সিটি কর্পোরেশনের ঘণ্টাব্যাপি অভিযান
শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের সাতমাথায় যানজট নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে অভিযান পরিচালনা করেছেন সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত সপ্তপদী মার্কেটের সামনে থেকে অভিযান শুরু হয়।
স্টেশন রোডের বিআরটিসি বাস ডিপো এলাকায় সড়কের জায়গা দখল করে পথচারী চলাচলে বাধা সৃষ্টি করায় ডাব,আপেল, মালটা, পেয়ারা, আপেল সহ কয়েকজন ফলবিক্রেতাকে ভ্যান ও মালামালসহ আটক করে তাদের মালামাল সিটি কর্পোরেশনে জব্দ করে নিয়ে যাওয়া হয়।
অভিযান শেষে নগর ভবনে গিয়ে স্থানীয় সরকার আইনে ১৪টি মামলা দায়ের করা হয় এবং ১৩টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১টি মামলার জরিমানা টাকা আদায় না হওয়ায় ১টি অটোরিকশা সিটি কর্পোরেশনের হেফাজতে জব্দ করে রাখা হয়েছে।
এদিকে, অভিযানের খবর পেয়ে বরাবরের মতো টেম্পলরোডের গলির ভেতরে এবং অন্নপূর্না হোটেলের গলির ভেতরে অবস্থান নেয় ভ্রাম্যমাণ খাবারের দোকানীরা। পরে খবর পেয়ে সেখানেও অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের আভিযানিক দল।
আরও পড়ুনঅভিযান শেষে বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম জানান, যানজট নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বগুড়া সিটি কর্পোরেশন কাজ করছে।
নিয়মিত অভিযানে জরিমানা, মালামাল জব্দ করা হচ্ছে। অভিযানে বগুড়া সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক আব্দুল হাই, নকশাকার মুরতী মোহন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







