ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৮ এএম

বিশ্বকাপের খ্যাতিই এখন ভোজিনিয়ার বোঝা

বিশ্বকাপের খ্যাতিই এখন ভোজিনিয়ার বোঝা, সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপে এক ম্যাচেই বদলে গিয়েছিল কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার জীবন। স্পেনের বিপক্ষে একের পর এক অবিশ্বাস্য সেভে কেপ ভার্দেকে গোলশূন্য ড্র এনে দেওয়ার পর রাতারাতি তারকা হয়ে ওঠেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। কিন্তু কয়েক মাস পর এসে সেই খ্যাতিকেই যেন বোঝা মনে হচ্ছে তার।

ভোজিনিয়া জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বর্তমান জীবনের বদলে ফিরে যেতে চাইবেন বিশ্বকাপের আগের সাধারণ জীবনে।

এবারের বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক ফুটবলে খুব একটা পরিচিত নাম ছিলেন না ভোজিনিয়া। কিন্তু প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে আটকে দেওয়ার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। পরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিপক্ষে সেই ম্যাচে একের পর এক সেভ করে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন তিনি।

তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক হারে বাড়তে থাকে তার অনুসারী। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে প্রায় ৫০ হাজার অনুসারী থাকা ভোজিনিয়ার অনুসারীর সংখ্যা এখন ২ কোটি ৮০ লাখের বেশি।

মাঠের সাফল্য তাকে নতুন ক্লাবও এনে দিয়েছে। পর্তুগালের শাভেস ছেড়ে চিলির শীর্ষ লিগের ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন তিনি। ব্যালন ডি'অরের বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা হয়েছে তার। এমনকি নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক শামুকের প্রজাতির নামও রাখা হয়েছে তাকে সম্মান জানিয়ে।

 

তবে এসব অর্জনের সঙ্গে পাল্টে গেছে ব্যক্তিগত জীবন।

দ্য অবজারভারকে ভোজিনিয়া বলেন, ‘আমি আমার শান্তি ও স্বস্তি হারিয়েছি।’

আরও পড়ুন

সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা হারিয়ে। আগে যেখানে নির্বিঘ্নে বাইরে যাওয়া সম্ভব ছিল, এখন রেস্তোরাঁয় গেলেও ছবি কিংবা অটোগ্রাফের আবদার ঘিরে ধরে তাকে। অনেক সময় অনুমতি ছাড়াই ভিডিও করতে শুরু করেন মানুষ।

ভোজিনিয়ার ভাষায়, এখন বাইরে বের হলেই কেউ না কেউ ছবি তুলতে চান, অটোগ্রাফ চান, কিংবা তাকে ভিডিও করেন। বিশ্বকাপের পর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এটিই।

খ্যাতির প্রভাব পড়েছে তার পরিবারের ওপরও। মা-বাবাকেও এখন মানুষের সঙ্গে দূরত্ব ও ব্যক্তিগত সীমা বজায় রাখা শিখতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ভোজিনিয়া মনে করেন, অনেকেই বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু সেই জীবনের শুধু ভালো দিকটাই দেখেন। নিজের ক্ষেত্রে দুই জীবনের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ থাকলে সিদ্ধান্ত কী হবে, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।

‘আজকের জীবন আর আগের জীবনের মধ্যে বেছে নিতে হলে, আমি আগেরটাই নিতাম।’

স্পেনের বিপক্ষে চমকের পরও থামেনি কেপ ভার্দের স্বপ্নযাত্রা। উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও ড্র করে নকআউট পর্বে উঠেছিল তারা। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে খেলা দ্বিতীয় ক্ষুদ্রতম দেশটির যাত্রা শেষ হয় শেষ ৩২-এ।

সেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গিয়েছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত হারলেও বিশ্বকাপের অন্যতম আলোচিত গল্প হয়ে ওঠে দলটি, আর সেই গল্পের কেন্দ্রেই ছিলেন ভোজিনিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের খ্যাতিই এখন ভোজিনিয়ার বোঝা

১

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

২

রিমান্ডে মরিয়মকে নিয়ে মুখ খুলেছেন গাজী নজরুল, দিয়েছেন নতুন তথ্য

৩

বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেলের বিস্ফোরণ

৪

নাশকতার উদ্দেশ্যে জুলাই জাদুঘরের পাশে ককটেল ও পেট্রোল বোমা রাখা হয় : এসআরবি

৫

এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস

৬