নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় প্রতিনিয়ত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলার বৃহৎ আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র ২ জোড়া ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। যা যাত্রী চাহিদার তুলনায় একেবারেই কম।
জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। এদিকে আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন ২ শতাধিক যাত্রী। ফলে সীমিত সংখ্যক আসনের জন্য হিমশিম খেতে হয় স্টেশন কর্তৃপক্ষকেও। আত্রাই থেকে রাজধানী ঢাকার সাথে সড়ক পথে যোগাযোগের তেমন নেই ফলে যাত্রীর চাপ ট্রেনে হওয়ায় দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে।
নীলসাগর এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস নামে আরও ৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে।
এসব ট্রেনের মধ্যে অন্তত চিলাহাটি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এ স্টেশনে কার্যকরের দাবি এলাকাবাসীর। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এসব আন্তঃনগর ট্রেনের স্টপেজ কার্যকর না হওয়ায় একদিকে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব আয় থেকে।
আরও পড়ুনউপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের আবু সাইদ চৌধুরী বলেন, আত্রাই একটি ঐতিহ্যবাহী স্টেশন। এখানে মহাত্না গান্ধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বিশ্বখ্যাত ব্যক্তি এসেছেন। সে সময় ট্রেনযোগে এসে আত্রাইয়ের বিভিন্ন স্থানে গিয়েছেন বলে জানা যায়।
বর্তমানে এ স্টেশন থেকে রাজশাহীর বাগমারা, নওগাঁর রাণীনগর, মান্দা, নাটোরের নলডাঙ্গা, সিংড়া এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার লোকজন রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন। তাই বৃহত্তর জনস্বার্থে এ স্টেশনে কমপক্ষে আরও দুইটি (চিলাহাটি এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস) ট্রেনের স্টপেজ করা সকলের প্রাণের দাবি।
নওগাঁ-৬ আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং প্লাটফর্ম সংস্কারের বিষয়টি সংসদে উত্থাপন করেছি। এছাড়াও এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছি। বাংলাদেশ রেলওয়ের বিধি অনুযায়ী এখানে কমপক্ষে দুইটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্য করুন








