জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পানিসম্পদ মন্ত্রী
আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণকাজের উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা ব্যারেজ নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের কৃষি খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে বিদ্যুৎ ও মাছ উৎপাদন বাড়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত হবে।
তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করতে পারেন।
পদ্মা ব্যারেজকে একটি বড় ধরনের মেগা প্রকল্প হিসেবে উল্লেখ করে এ্যানি বলেন, এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রকল্পটির সুফল ২৪টি জেলায় পৌঁছাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ও মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় এর প্রভাব পড়বে বলে জানান তিনি।
আরও পড়ুনমন্ত্রী আরও বলেন, প্রকল্পটির সঙ্গে সময়ের সঙ্গে আধুনিক বিভিন্ন প্রযুক্তিও যুক্ত করা হবে। ২০০৪ সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় এ প্রকল্প নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৬ সালে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে বলে জানান তিনি।
বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ তুলে ধরে এ্যানি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। এ জন্য পানিসম্পদ মন্ত্রণালয় এবং প্রকল্পের আওতাভুক্ত ২৪ জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








