ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’
প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২২ সালে প্রকাশের পর বিশ্বজুড়ে তুমুল সাড়া জাগানো গানটি যে এখনো শ্রোতাদের হৃদয়ে একইভাবে গেঁথে রয়েছে, এই অনন্য রেকর্ড তারই প্রমাণ।
ইনস্টাগ্রামে এক পোস্টে কোক স্টুডিও এই সাফল্যের কথা জানিয়েছে। সেখানে তারা পাসুরি গানের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
ওই পোস্টে বলা হয়, ‘প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সঙ্গে গলা মিলিয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
আলি শেঠি এবং শে গিলের দ্বৈতকণ্ঠে গানটি প্রকাশ্যে আসে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের এই চূড়ায় পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম।
তবে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী গানটির যে জনপ্রিয়তা পায়, তাতে এই সাফল্য ‘অনুমেয় ছিল’ বলে ভাষ্য কোক স্টুডিও কর্তৃপক্ষের। মুক্তি পাওয়ার বছরই এটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়েছিল।
আরও পড়ুনমাইলফলক অর্জনের পর কোক স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল প্রকাশ করেছে। সেখানে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সঙ্গীত প্রযোজক জুলফিকার খান (জুলফি) এবং আব্দুল্লাহ সিদ্দিকীকে এই অর্জনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা গেছে।
মুক্তির পর থেকেই ‘পাসুরি’, পাকিস্তান ও ভারতের পাশাপাশি উপমহাদেশের বাইরেও বহু শিল্পী গানটির কভার সংস্করণ গেয়েছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’ এর সাউন্ডট্র্যাকেও গানটি যুক্ত করা হয়।
পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবন নিয়ে তৈরি এই সিরিজে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব ফুটিয়ে তুলতে গানটি ব্যবহৃত হয়।
পাসুরি নিয়ে নিজস্ব সংস্করণ বা রিমেক করার চেষ্টা করেছিল বলিউড। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি এই রিমেকটি ব্যাপক বিতর্কের জন্ম দেয় একটা সময়। জোটে তীব্র সমালোচনাও।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








