ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

চাঁদপুরের মতলব উত্তরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর থানার পূর্ব পাশে সুরুজ প্লাজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে। তার মায়ের নাম ফারজানা আক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফারিয়া মায়ের হাত ধরে ছেংগারচর বাজারে সুরুজ প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা ফারজানা আক্তার বলেন, আমার মেয়ে আমার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি এসে তাকে ধাক্কা দেয়। চোখের সামনে আমার মেয়েটা পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন, আমার মেয়ে আর নেই। যারা এভাবে বেপরোয়া গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি ও টমটম অবাধে চলাচল করছে। অনেক সময় এসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শিশু ফারিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

স্থানীয়রা আরও বলছেন, শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না, জনবহুল সড়কে অবৈধ ও ঝুঁকিপূর্ণ এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান প্রয়োজন। তাদের দাবি, ফারিয়ার মৃত্যুর ঘটনায় দায়ী চালককে দ্রুত গ্রেফতারের পাশাপাশি অবৈধ ট্রলির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, সুরুজ প্লাজার সামনে ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় তিন বছরের একটি শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ কর্মী নিয়োগ দেবে মিনিস্টার, এইচএসসি পাসেই আবেদন

চাঁদপুরের মতলব উত্তরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

কর্মফল’-এ ভিন্ন এক দীপা

বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মেহেরপুরের গাংনীতে ৫ বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

বাবার মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে দিঠি’র কন্ঠে ‘ঘড়ির কাঁটা’