কুড়িগ্রামের ভূরুঙ্গামারী
অবৈধভাবে সার মজুদ: ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে এক সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের নেতৃত্বে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন ইটভাটার দুটি ঘরে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেন।
পরে একই এলাকার সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার মজুদ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, বিএনপির উপজেলা সদস্য সচিব শহিদুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। সার সংকটের আশঙ্কায় কিছু কৃষকও আগাম সার কিনে মজুদ করছেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি কৃষকদের ভোগান্তি বাড়ছে।
প্রশাসন জানিয়েছে, কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জব্দ করা সার পরবর্তী সময়ে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন







_medium_1788324899.jpg)
_medium_1788324143.jpg)
