কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় মিললো সার, ৪ লাখ টাকা জরিমানা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় মিললো সারের মজুদ। মোবাইল কোর্টে জরিমানা করা হলো ৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের নেতৃত্বে একটি মোবাইল টিম পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন ইটভাটার দুটি ঘরে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করে। অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ওই এলাকার সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্স এর দোকানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার মজুদ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, বিএনপির উপজেলা সদস্য সচিব শহিদুল ইসলাম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, একটি অসাধু চক্র অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করে আসছে। সার সংকটের আশংকায় কিছু কৃষকও সার কিনে মজুদ করছে। এই অসাধু ব্যবসায়ীদের কারণে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। কৃষি মৌসুম সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জব্দ করা সার পরবর্তী সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা সরকারি মূল্যে ওই ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করন বলে জানানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182176