রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কালুখালী উপজেলার মোহনপুরের মোছা. হামিদা খাতুন (৪৭) ও চর কুলটিয়ার সাজেদা বেগম (৪০)। হামিদা মাজবাড়ী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সাজেদা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
ডিবি পুলিশ জানায়, এসআই শিমুল শেখের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কলেজ রোডের উড ওয়ার্ড ফার্নিচার দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনরাজবাড়ী ডিবির ওসি মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ দুই নারীকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, দুই নারী সদস্য ইয়াবাসহ আটক হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








